Wednesday , 17 December 2025 | [bangla_date]

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ’র উদ্যোগে পঞ্চগড়ে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
টানা এক সপ্তাহের শৈত্যপ্রবাহে যখন উত্তরের জেলা পঞ্চগড়ের শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ’। শীতের কষ্ট লাঘবে সংস্থাটির উদ্যোগে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এক হাজার ২শটি কম্বল, ৫শ’টি মহিলা শাল এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর নাহিদ সুলতানা। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জাকাত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ সুলতানা বলেন, উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। তীব্র শীতে এখানকার মানুষের কষ্ট লাঘবে জাকাত ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য রুম হিটার ও কম্বল কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই কার্যক্রম। সমাজের বিত্তবানদের এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা শুধু পঞ্চগড়েই নয়, পাশাপাশি কুড়িগ্রাম ও নীলফামারী জেলাতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরে সংস্থাটি সারাদেশে সর্বমোট তিন হাজার ৬শ’টি কম্বল, এক হাজার ৫শ’টি শাল এবং ৫শ’টি রুম হিটার বিতরণ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত