মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জের) সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বার বার আমাদেরকে একটি কথা বলেছেন, যে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আগে নিজেকে পরিবর্তন হতে হবে। তাহলেই কিন্তু আমি মানুষকে পরিবর্তনের কথা বলতে পারবো। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করবো। আমি এখানে কোন শাসন করার জন্য আসিনি। আমি এসেছি সেবা সরার জন্য। আমার জনগণ যেন শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে। যারা ব্যবসা করছে তারা যেন সুন্দর ভাবে ব্যবসা করতে পারে। যারা চাকুরী করছে তারা যেন সুন্দর ভাবে চাকুরী করতে পারে। বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা যেন তাদের ধর্ম পালন করতে পারে। অর্থাৎ স্বাধীন ভাবে যার যার পেশা যার যার ধর্ম সবাই যাতে সুন্দর ভাবে পালন করতে পারি। আমাদের মা-বোনরা যাতে শান্তিপূর্ণ ভাবে এলাকায় চলাচল করতে পারে। এগুলো আমাদের সকলকে দেখতে হবে। এটা ইউএনও, ওসি বা আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদের একার পক্ষে করা সম্ভব নয়। আমরা সবাই যে যে পর্যায়ে আছি সকলেরই কিন্তু একটা অংশ গ্রহণ লাগবে। সকল জায়গা থেকে যদি আমরা একে অপরকে সহযোগিতা করি আমার মনে হয়না এই কাজগুলো করা খুব একটা কঠিন হবে। আমার বিশ^াস এই প্রশাসনকে দিয়েই আমরা সব কাজগুলো করাতে পারবো। শুধু আন্তরিকতা লাগবে। আমাদের পারতেই হবে। না পারার কোন বিকল্প নাই। অন্তত বিরল বোচাগঞ্জে আমি এটা করতে চাই। ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মারুফ হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এসএম জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, ওসি মোঃ মিজানুর রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে প্রধান অতিথি এডিপির অর্ধায়নে উপজেলার বিভিন্ন এলাকার ৯জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

















