ফুলবাড়ী ও নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের কিছুক্ষণ পর সিরাজুল আল সামস নামের এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু সিরাজুল আল সামস (৭) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে। সে আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজন যখন ইফতারির প্রস্তুতি নিচ্ছিল সে সময় শিশু শামসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর অনেক খোঁজার একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার ভুট্টা খেতের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। এসময় শিশুটির শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এটি যেহেতু পার্শ্ববর্তী থানার ঘটনা, তাই তাদের খবর দেওয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

















