চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দরে সার পাচার করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ৮৩ বস্তা সার আটক করে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে। এ ঘটনা জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সার ব্যবসায়ীদের হেফাজতে নিয়ে সার জব্দ এবং ব্যবসায়ীদের জরিমানা করলে জনতা অবরোধ তুলে নেয়।
ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত রাত ৮টায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারে ঘটেছে।
জব্দকৃত সার বুধবার ইউনিয়ন প্রশাসক ও কৃষি অফিসের সহযোগীতায় সরকারি ন্যায্যমুল্যে স্থানীয় কৃষকদের নিকট সারগুলো বিক্রি করা হয়েছে বলে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের সার ব্যবসায়ী মাহমুদুল হক (৪২) ও জাহাঙ্গীর আলম ৮৩ বস্তা সার ৭টি রিকশাভ্যানে করে দিনাজপুর কোতয়ালী সদর থানার উদ্দ্যেশ্যে পাচার করছিল। এসময় স্থানীয় জনতা রিকশাভ্যানসহ সারগুলো আটক করে এবং সার পাচার ঘটনার প্রতিবাদে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ ঘটনাস্থলে পৌঁছে সার ব্যবসায়ীদেরকে হেফাজতে নিয়ে সার জব্দ করা হয়। উত্তেজিত স্থানীয় জনতার সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়। স্থানীয় জনতা এর ৩ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, উপজেলায় ২০জন বিসিসিআই সার ডিলারের বাইরে ২০০৮ সালে ২৭জন খুচরা বিক্রেতাকে সার বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। হেফাজতকৃত সার ব্যবসায়ীরা তালিকা বহির্ভুত সার ব্যবসায়ী। উপজেলায় তালিকা বহির্ভূত খুচরা সার ব্যবসায়ীর কোন জরিপ বা তালিকা আমাদের অফিসে নাই।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় নেয়া হয়। পরে বুধবার ইউনিয়ন প্রশাসক ও কৃষি অফিসের সহযোগীতায় সরকারি ন্যায্যমুল্যে স্থানীয় কৃষকদের নিকট সারগুলো বিক্রি করা হয়েছে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারকারী মাহমুদুল হককে ৫০ হাজার টাকা ও জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এরপর উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।


















