ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃটর্চ লাইটের ঝলকানিই বাঁচিয়ে দিল এক অটোরিকশা চালকের প্রাণ। ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টর্চের আলো দেখে ভড়কে যায় ছিনতাইকারীরা। চালক ও স্থানীয়দের সহযোগিতায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা আরও এক ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬)। তিনি উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা। তার নামে থামে থানায় একাধিক মামলা আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে যাত্রী সেজে উপজেলার ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে তিনজন ব্যক্তি একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে রামেশ্বরপুরের নির্জন এলাকায় পৌঁছালে তারা চালককে জিম্মি করে অটোরিকশা ছিনতাই করে। তাদের মধ্যে একজন অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ সময় অন্য দুজন ছিনতাইকারী চালককে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে গিয়ে গলায় ও পেটে ছুরি ধরে রাখে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন পাকা সড়কের দিকে উঠতেই চালকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে চালক আহত হন। পরে দুই ছিনতাইকারী মিলে তাকে ধানক্ষেতের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঠিক সেই মুহূর্তে পাশের ধানক্ষেতে সেচ দিতে থাকা এক স্থানীয় ব্যক্তি টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে এলে আলোর ঝলকানিতে ভড়কে যায় ছিনতাইকারীরা। একজন পালিয়ে গেলেও চালকের সাহসিকতায় আরেকজনকে ধরে ফেলেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধৃতকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পুলিশের তৎপরতার খবর পেয়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিকে রোববার দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


















