বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপু)প্রতিনিধি: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ পেয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাঙ্গল প্রতীকে শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৫ শত ১৫, বাংলাদেশ ইসলামি আন্দোলন পার্টির হাতপাখা প্রতীকে এডভোকেট মো. চাঁন মিঞা পেয়েছেন ৩ হাজার ৭৪, গণঅধিকার পরিষদ পার্টির ট্রাক প্রতিকে মো রিজুওয়ানুল ইসলাম পেয়েছে ৫শত ৯৩ ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে রঘুনাথ চন্দ্র রায় পেয়েছে ২ হাজার ২শত ৬২ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণের প্রথম সাড়ে ৫ ঘণ্টায় (বেলা সাড়ে সাড়ে ১১টা পর্যন্ত) দু’উপজেলার ১২৮টি ভোটকেন্দ্রে কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি নজর কাড়ছে সর্বস্তরের জনগণের।
দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোর থেকেই ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। অনেকেই সপরিবারে ভোট দিতে আসেন। প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন।


















