ধানের শীষ অগ্রগতি ও উন্নয়নের প্রতীক— ধানের শীষে এলে মানুষ পেট ভরে ভাত খেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে, কাদের হাতে দেশের দায়িত্ব তুলে দেবে।
রোববার রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিষাপাড়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন। মনে রাখবেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ২০১৪ সালে ভোটের প্রয়োজন হয়নি, ২০১৮ সালে রাতেই ভোট হয়ে গেছে, আর ২০২৪ সালে প্রার্থীই খুঁজে পাওয়া যায়নি। তাই ২০২৬ সালে আপনার ভোট আপনি নির্ভয়ে ও নির্বিঘ্নে দেবেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক হলো ধানের শীষ।
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সহযোগিতা ও ভোট চান তিনি।
ডা. জাহিদ বলেন, জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশসেবার পাশাপাশি হাকিমপুরসহ দিনাজপুর-৬ আসনের মানুষের সেবায় কাজ করার সুযোগ পাবেন তিনি।
তিনি দাবি করেন, ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সমাজ মাদকমুক্ত হবে।
পথসভায় তিনি হিলি স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরে বলেন, বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বৃদ্ধি করা হবে এবং আধুনিকায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


















