পঞ্চগড় প্রতিনিধি॥জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, ১১ দলীয় ঐক্য জোট যদি সরকার গঠন করে আর যদি সুযোগ হয় তাহলে সারা দেশের সাংবাদিকদের বেতন কাঠামোতে আনা হবে। এ বিষয় নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে সংসদে গিয়ে কথা বলবো। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব ভালো করে পালন করবেন। সাংবাদিকদের যতটুকু সাপোর্ট করা দরকার ছিল ইতিপূর্বে তা আমরা করতে পারিনি। রাজনৈতিক পক্ষপাতিত্ব হয় আমরা প্রত্যাশা করবো এটা যেন না হয়। তিনি গত রোববার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পেশী শক্তি কেউ দেখালে সেটা মানুষের সামনে প্রশাসনের সামনে তুলে ধরবেন। পেশী শক্তি ব্যবহার করলে রাষ্ট্রের ও দেশের সংস্কার অর্থহীন। আপনারা প্রত্যাশা পুরন করতে সাংবাদিকতা করবেন। প্রেসক্লাবের অবকাঠামো সংস্কার ছোট জিনিস প্রেসক্লাবের জন্য যেটা দরকার সেটাই করে দিবো। আপনাদের সকলের পারিবারিক সমস্যা, ছেলে মেয়েদের পড়াশোনাসহ সকল ক্ষেত্রে সহযোগিতা করবো। আত্নমর্যাদা বজায় রাখতে গিয়ে কেউ যেন অন্যায় ভাবে ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মসলিশের জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন, জামায়াতের পঞ্চগড় পৌর সভার সেক্রেটারি নাসির উদ্দিন, এনসিপির বোদা উপজেলার আহবায়ক ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির আহমেদ, পঞ্চগড়-১ ও ২ আসনের নির্বাচন পরিচালনার আইন বিষয়ের পরামর্শক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু উপস্থিত ছিলেন।


















