ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ফুলবাড়ীতে ট্রাক চাপায় আইনুল সরকার নামে এক ভ্যান চালক ও মোছা. রুমা খাতুন নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছমিন আক্তার নামে অপর এক নারী যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,আইনুল সরকার (৫৩) ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে ও তিনি পেশায় ভ্যান চালক। অপরজন মোছা. রুমা খাতুন (২২) আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে ও তিনি রাঙ্গামাটির প্রাণ বঙ্গমিলার্সের একজন শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৮টার দিকে বারাইহাট এলাকা থেকে ভ্যান যোগে দুই নারী শ্রমিক রাঙ্গামাটি প্রাণ কোম্পানিতে আসছিলেন। এসময় অপরদিক থেকে আসা একটি ফিড বোঝাই ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর আলাদীপুর ইউপির বলিহরপুর এলাকায় পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যান চালক আইনুল সরকার ও ভ্যানে থাকা নারী যাত্রী রুমা খাতুন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় আরেক যাত্রী ইয়াছমিন আক্তার আহত হয় এবং বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এদিকে এ ঘটনার পর ট্রাকটির চালক ও সহযোগি পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি এবং ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে, পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়েছে।


















