বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদারে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের দৈনিক বাজার, গোলাপগঞ্জ হাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে ১০ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়গুলো কঠোরভাবে তদারকি করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট সংরক্ষণ ও বিক্রির দায়ে মোবাইল কোর্টে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইউসুফ ষ্টোরের ৫ কেজি বিস্কুট তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালত বীরগঞ্জ পৌরসভার দৈনিক বাজারের কাইয়ুম পোল্টি দোকানকে ১ হাজার,ইউসুফ ষ্টোর কে ২ হাজার,বিপ্লব ষ্টোরকে ১ হাজার,মিজানুর ষ্টোরকে ১ হাজার,মিজান ষ্টোরকে ১ হাজার,মোজাম্মেল ষ্টোরকে ১ হাজার,সাথী ষ্টোরকে ১ হাজার, জয় তপু ষ্টোরকে ১ হাজার, বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ভাই ভাই হোটেলকে ৫ হাজার এবং অধিক মূল্যে কাপড় বিক্রির দায়ে মেঘা স্টাইল গার্মেন্টসকে ২ হাজার টাকাসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা উত্তম রায়, এএসআই সবু রায়সহ বীরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন বলেন, “পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “প্রতিটি ব্যবসায়ীকে অবশ্যই দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী পণ্য বিক্রি করতে হবে। বাসি খাবার বিক্রি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত কোনোভাবেই সহ্য করা হবে না। ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
তিনি সতর্ক করে বলেন,
জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সৎ ও নৈতিকভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে বাজারে শৃক্সখলা বজায় রাখতে সকল ব্যবসায়ীর আন্তরিক সহযোগিতা কামনা করেন ।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।


















