বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাে বাংলাদেশ শিক্ষক সমিতি, বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।
প্রধান অতিথি মো মনজুরুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও আলোকিত সমাজ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

















