শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নেতৃত্বে নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সঙ্গে মন্ত্রীসভার নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তিনি দেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁদের উপর অর্পিত এই মহান দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে প্রবেশ করছে। এই গুরুত্বপূর্ণ সময়ে দেশ পরিচালনার গুরু দায়িত্ব গ্রহণকারী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নবগঠিত সরকার কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। জনগণের বিপুল ভোটে নির্বাচিত বর্তমান সরকারের সময়ে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের উচ্চ শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভাবে অবদান রেখে চলেছে। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগিতায় হাবিপ্রবি’র শিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
পরিশেষে তিনি, মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্যবৃন্দ ও জাতীয় সংসদের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

















