বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জাসদের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক এমরান আল আমিন এলাকায় ‘শিক্ষা উন্নয়ন তহবিল’ গড়ে তোলার বিষয়ে নির্বাচনী ইশতেহার উল্লেখ করেছেন। এই তহবিলের মাধ্যমে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
অধ্যাপক এমরান আল আমিন বলেন, “শিক্ষা জীবনের উন্নতির মৌলিক চাবিকাঠি। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আমাদের এলাকার অসংখ্য গরীব পরিবারের সন্তানরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে স্কুল পাশ করার পর কলেজে পড়ার খরচ বহন করা অনেকের পক্ষেই সম্ভব হয় না।”
তিনি আরও উল্লেখ করেন, “এই সমস্যা সমাধানে সরকারি বরাদ্দ এবং এলাকার ধণাঢ্য ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় একটি উন্মুক্ত পাবলিক-প্রাইভেট তহবিল গঠন করতে চাই। বোদা-দেবীগঞ্জে শিক্ষা উন্নয়ন তহবিল’ থেকে গরীব-মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পাবে। তহবিলের সকল তথ্য স্বচ্ছ ও উন্মুক্ত থাকবে, যাতে কোনো প্রকার অনিয়মের সুযোগ না থাকে।” তার মতে, এই তহবিলের মূল লক্ষ্য কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সন্তানদের শিক্ষায় এগিয়ে নেওয়া, যাতে তারা জাতির ভবিষ্যৎ গড়তে সমর্থ হয়। স্থানীয় শিক্ষানুরাগী মহল ও তরুণ সমাজ এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন যে এই তহবিল গরীব শিক্ষার্থীদের পড়ালেখায় প্রেরণা জোগাবে এবং এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
















