‘‘শিকড় থাকুক সংস্কৃতিতে, ডানা মেলুক শিক্ষায়’’ এই মূলসুরকে সামনে রেখে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ২ দিন ব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারী-২০২৬) সকালে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার সাধু যোসেফ সংঘ প্রদেশের সংঘ প্রদেশপাল ব্রাদার রিপন জেমস্ গমেজ সিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাদার রিপন জেমস্ গমেজ সিএসসি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রতিটি জাতির আত্মপরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য। সংস্কৃতি ও সময় নদীর স্রোতেরই মতো বহমান ধারা, যা সমাজের গোষ্ঠী, ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশার মানুষের জীবন-চেতনা, আচার-অনুষ্ঠান, মূল্যবোধ, সামগ্রিক বিষয়ের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত। বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের প্রাচীন। এই দেশের সবুজ শ্যামল মায়াময় পরিবেশ, উর্বর সুফলা শস্যভূমি, সম্পদের প্রাচুর্য, মানুষের অকৃত্রিম আতিথেয়তায় যুগে যুগে বাঁধা পড়েছে বিভিন্ন ভাষা-ভাষী, বর্ণ, রর্ম ও জাতি-গোষ্ঠীর মানুষ। তাদের সম্মিলিত মিথস্ক্রিয়ায় গড়ে উঠেছে আমাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিমণ্ডল। মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতার ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক প্রতিযোগিতা শুধু মানসিক বিকাশের জন্য নয়, বরং নিজেদের প্রতি আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার শক্তি এবং নিজেকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি বাড়ায়।
তিনি বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের ব্যক্তি জীবনে উন্নয়নের পাশাপাশি সামাজিক জীবনেও প্রভাব প্রতিফলিত হোক। মানুষের জন্য সবচেয়ে মূল্যবান তাঁর বর্তমান সময়। প্রত্যেকে নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করলেই এগিয়ে যাবে দেশ। মানুষের মননশীলতা তৈরি করে সাংস্কৃতিক চর্চা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে ভাদের মধো পারস্পরিক সম্পর্কও বৃদ্ধি করে। এ সম্পর্ক কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পায় এবং তারা বড় পরিসরে গঠনমূলক কাজের উদ্যোগ নিতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি সিনিয়র ম্যানেজার মি. রবি সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেস পিউরীফিকেশন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক সহকারী শিক্ষক মিসেস সুশীলা টুডু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন, প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে, ইনচাজর্চ ব্রাদার গ্রেনার রিচিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উচ্চ মাধ্যমিক শাখার প্রভাষক অমল রোজারিও এবং মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক প্রনতি হাসদা।
বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকার সাধু যোসেফ সংঘ প্রদেশের সংঘ প্রদেশপাল ব্রাদার রিপন জেমস্ গমেজ সিএসসি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন, পবিত্র গীতা এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

















