বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত দিনাজপুর-১
(বীরগঞ্জ–কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের উপচে পড়া ভিড়ে কার্যালয় ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে আনন্দ-উল্লাসে।
এ সময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো-এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মো. মনজুরুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এই বিজয় আমার একার নয়-এটি বীরগঞ্জ ও কাহারোলবাসীর বিজয়। আমি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, “কেউ চাঁদাবাজি, জমি দখল বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। জনগণের ভালোবাসা ধরে রাখতে হলে সৎ ও নৈতিক রাজনীতির চর্চা করতে হবে।”
এ সময় দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

















