মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে সম্প্রতি সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১ টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,ঢাকা’র সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে প্রায় অর্ধশত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পর্যন্ত ধামোর ইউনিয়নের আশ্রয়ন-৭১ এর এক পরিবার, যুগিকাটা গ্রামের এক পরিবার, আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের আট পরিবার, বড় সিঙ্গিয়া গ্রামের পাঁচ পরিবার, রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া গ্রামের পাঁচ পরিবার এবং বলরামপুর ইউনিয়নের চুচুলি আশ্রমপাড়ার এক পরিবারসহ মোট ২১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক, মোট ২১ বান্ডিল ঢেউটিন ও ৬৩ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। পিআইও অফিস সূত্রে জানা যায়, এ ছাড়াও আরো অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৭ টি পরিবারের আবেদন জমা রয়েছে। ধারাবাহিকভাবে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও অনুরুপভাবে ঢেউটিন ও অর্থের চেক প্রদান করা হবে। বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, যদিও কোন দুর্ঘটনা বলে-কয়ে আসেনা, তারপরেও সকলকে আরো বেশী সচেতন থাকতে অনুরোধ জানান। তিনি আরো বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক কম্বল ও শুকনো খাবার প্রদান করা হয়। অগ্নিকান্ডের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। এই সহযোগিতা পর্যাপ্ত নয়। অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সম্পদশালী ও দাতা সংস্থাদের এগিয়ে আসার আহবান জানান তিনি । এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি), স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিকে আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রশিদ এবং লিডার মোঃ কামাল হোসেন জানান, চলতি বছরে উপজেলার বিভিন্ন এলাকায় সর্বমোট ৩৭ টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে।। এতে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায় এবং ৩ জন আহত হন। এছাড়াও ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় উল্লেখিত অগ্নিকান্ডের দরুন সৃষ্ট দুর্ঘটনায় সেসময় তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন।


















