মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে এক বিজিবি সদস্য ছেলের হাতে নির্মম মারধরের শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারই গর্ভধারিনী মা লতিফা বেগম(৫০)। লোমহর্ষক এ ঘটনাটি উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য দরমপাড়া গ্রামে ঘটে। তিনি ওই গ্রামের জনৈক মোঃ সিরাজুল ইসলামের(৫৫) স্ত্রী। ভুক্তভোগী মা স্বামী সিরাজুল ইসলাম, ছেলে আঃ লতিফ এবং বৌমা লতা বেগমের(২৫) নামে আটোয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিজিবি সদস্য ছেলে মোঃ আব্দুল লতিফ চাকরির সুবাদে বাহিরে অবস্থান করেন। আর তাদের বাড়িতে লতিফের বউয়ের সাথে মা-বাবা একত্রে থাকতেন। অভিযোগে উল্লেখ রয়েছে, লতিফ ছুটিতে বাড়িতে আসলেই প্রায়ই তার বউ এবং স্বামীর কথায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতো। তারই ধারাবাহিকতায় গত সোমবার (২৩ মার্চ) দুপুরে গরুর খাবারকে কেন্দ্র করে আব্দুল লতিফ তার মা কে বেধড়ক মারধর করে আহত করেন। এসময় লতিফা বেগমের মাথা ফেটে যায় এবং সেখানে দুটি সেলাই করা হয়। এছাড়াও নাকে আরো একটি সেলাই করা হয়েছে। সেই সাথে মুখে ঘুষি মারার কারণে একটি দাঁত ভেঙ্গে পড়েছে। পরে খবর পেয়ে মেজ মেয়ে নুরনাহার তার মা কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন৷ বর্তমানে তিনি মহিলা ওয়ার্ডের ৬নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। ছেলের হাতে মার খেয়ে অসহায় মা হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন।
এ ব্যাপারে মুঠোফোনে ওই বিজিবি সদস্যের সঙ্গে কথা বলার জন্য বার বার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করে ফোন কেঁটে দেন।
এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, এ বিষয়ে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। সঠিক ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


















