চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পরকীয়া প্রেমের জের ধরে এক গৃহবধূ (৩০) গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ৭মার্চ সন্ধ্যা ৬টায় উপজেলা আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের বেলায়েত ডাক্তার পাড়ায় ঘটেছে।
আত্মহত্যা প্রচোরণা দেয়ার অভিযোগে ওই গৃহবধূর মা বাদী হয়ে ৭জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের ঘটকালী, ধারদেনা সংক্রান্ত বিষয়ে দুই সন্তানের জননীর সাথে প্রতিবেশী ইসমাইল হোসেনের (৩৮) কয়েক বছরের পরকীয়া প্রেম ও অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এনিয়ে প্রায়ই তাদের পারিবারিকভাবে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন মারপিট করে ওই গৃহবধূকে পরকীয়া প্রেমিক ইসমাইলের বাড়িতে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে। এ ঘটনায় অপমানবোধ করে ওই গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এঘটনার পর এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ইসমাইলের পরিবারের উপর চড়াও হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৩জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় ওই মৃত গৃহবধূর মা সোনালী বেগম বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে। ৪জন আটক আছে। পলাতকদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

















