বিরামপুরে প্রতিনিধি ॥দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন।
রোববার সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন ওরফে বাবু (৫৭) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে। অন্যদিকে বাসচালকের সহকারী রাজিউল ইসলাম (২৫) দিনাজপুরের কাহারোল উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার কোচ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে বিরামপুরের চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাস ও বালুবোঝাই ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।


















