পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলহাজ্ব মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে আলহাজ্ব মোবারক আলী স্মৃতি স্মরণে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও মোবারক আলীর কনিষ্ট সন্তান জাহিদুর রহমান জাহিদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, মোবারক আলীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ ক্রিকেট একাডোমির সভাপতি জিয়াউল্লাহ্ রিমু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী কনক, কোষাধ্যক্ষ রুবেল আলী, খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেনসহ ১৯টি টিমের খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রিকেট একাডোমির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী কনক জানান, পীরগঞ্জ পৌরসভার ৯টি টিম ও ১০টি ইউনিয়নের ১০টি নিয়ে ৪টি গ্রুপে ১৯টি দল খেলায় অংশ নেবে। প্রতিদিন ২টি করে টিমের খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য আলহাজ্ব মোবারক আলী উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে ২৬ বছর চেয়ারম্যান ছিলেন। মোবারক আলী নামে পীরগঞ্জে একটি চক্ষু হাসপাতাল এবং পীরগঞ্জে বৃহত একটি চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে।


















