ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি॥দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লেগে চারটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গরু গুরুতরভাবে আহত হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত ভোর ৬টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আম্রবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
অম্রবাড়ী বাড়ী গ্রামের ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম জানান, ভোরে সেহেরি খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়ি, এমন সময় হঠাৎ গোয়ালঘর থেকে ধোঁয়ার গন্ধ নাকে এলে জেগে উঠে দেখি গোয়াল ঘরের চারিদিকে দাওদাও করে আগুন জলছে। পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গরু আহত হয় এবং একটি ছানিকাটা মেশিন, গোয়ালঘরের ছাউনিসহ বেশকিছু জালানী খড়ি আগুনে ভূষ্মিভুত হয়।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গরু আহত হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

















