Wednesday , 4 March 2026 | [bangla_date]

বসুন্ধরা শুভসংঘের ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ শীর্ষক আলোচনা সভা

বিশ্বব্যাপী সংঘাত, সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে “যুদ্ধ নয়, শান্তি চাই”—এই মানবিক আহ্বানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে মুক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকারি কলেজ ক্যাম্পাসে এক হৃদয়ছোঁয়া ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তারা যদি বিভাজনের রাজনীতি নয়, বরং সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিদ্বেষমূলক প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরুপ কুমার রায় বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ-সংঘাত, ক্ষমতার দ্বন্দ্ব, জাতিগত বিভাজন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এমন বাস্তবতায় তরুণ সমাজকে শান্তির পক্ষে সোচ্চার হতে হবে এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।
আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং তা ধ্বংস, শোক ও দীর্ঘমেয়াদি বৈরিতা সৃষ্টি করে। ইতিহাস সাক্ষ্য দেয়, প্রতিটি যুদ্ধের পর মানবসভ্যতা ক্ষত-বিক্ষত হয়েছে—অর্থনীতি ভেঙে পড়েছে, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ।
বক্তারা আরও উল্লেখ করেন, শান্তি কেবল যুদ্ধের অনুপস্থিতি নয়; শান্তি মানে ন্যায়বিচার, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক সহমর্মিতা প্রতিষ্ঠা। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মাঝেও সহাবস্থানই হতে পারে টেকসই উন্নয়নের ভিত্তি। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শান্তি ও মানবতার পাঠশালা হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে বিশ্বের শান্তি, নিপীড়িত মানুষের মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়ায় বিশেষভাবে শিশু, নারী ও অসহায় মানুষের নিরাপত্তা এবং বিশ্বনেতাদের মধ্যে পারস্পরিক সমঝোতা ও সংলাপের মনোভাব সৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে হাত তুলে শান্তির পক্ষে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সহ-সভাপতি শাহরিয়ার কবির, প্রদীপা রানী, নাইমুর রহমান, রাব্বি হাসান রাজু, যুগ্ম সাধারন সম্পাদক খাদিজা, আবু তাহের ইমন, ফজলে রাব্বি, মাহমুদ হাসান, আসাদুন নাহার মুক্তা, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সৌরভ কর্মকার,আল ইমরান, অর্থ সম্পাদক বর্ণালী মির্জা বন্যা, ইভেন্ট সম্পাদক অপূর্ব রায়, সাহিত্য বিষয়ক সম্পাদক পাওয়েল চন্দ্র দেব শর্মা, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রনিতা রায় পূর্ণিমা, সহ-নারী বিষয়ক সম্পাদক অরিত্রি রায়,কার্যকরী সদস্য রুবিয়া, চাঁদনী রায় দিপা প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও