দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৬ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

















