বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশের মতো দিনাজপুরের বীরগঞ্জেও যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে রাষ্ট্রের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
এ সময় বীরগঞ্জ ভূমি অফিস, বীরগঞ্জ পৌরসভা, বীরগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লে·সহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকেও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। বক্তব্যে তিনি বলেন, একটি আধুনিক, সুন্দর ও পরিকল্পিত বীরগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার,পৌর বিএনপি সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবি শরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আহসান হাবীব সরকারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শি¶া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এছাড়া দিবসটি উপলক্ষ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়।
সব মিলিয়ে দিনব্যাপী আয়োজনে বীরগঞ্জবাসী মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সক্রিয় অংশগ্রহণ করে।


















