আব্দুর রহমান, বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে হাইস্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও রবিউল ইসলাম। এরপর তিনি প্যারেড পরিদর্শন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও বিভিন্ন প্রদর্শনী পরিবেশন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওসি সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাবেক কাউন্সিলর আরিফুর রহমান প্রমুখ।


















