হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার অভিযোগের বিষয়ে তদন্ত করতে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ।
অভিযোগকারী নারী কর্মীর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের।তিনি দীর্ঘদিন ধরে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত রয়েছেন। তার অভিযোগ, অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন। আমার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন অজুহাতে আমাকে ফোন করে তার বাড়ি কিংবা আবাসিক হোটেলে যেতে বলেন। তার দেওয়া ফোন কলের রেকর্ডও আমার কাছে রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী আনোয়ার হোসেন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত অফিস ত্যাগ করেন এবং উপজেলা পরিষদ চত্বর থেকে চলে যান।
বিভাগীয় তদন্তে আসা বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ বলেন, হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীর অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আজ আমরা তদন্ত করতে এসেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে,তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, বিষয়টি বিভাগীয় তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

















