চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মালামাল চুরির মামলায় রিয়াদ ইসলাম নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ। গত ৮ এপ্রিল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের টিসিবি ডিলার ব্যবসায়ী মোস্তাকিম সরকারের মালিকাধীন মেসার্স জগন্নাথ ট্রেডার্সের মালামাল গত ১৭ মার্চ দারুল ফালাহ আলিম এন্ড বিএম ইন্সটিটিউট মাঠে টিসিবির মালামাল বিতরণকালে দুপুরের নামাজের জন্য বিরতী দিয়ে নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এ সুযোগে ওই ডিলারের দুইজন কর্মচারী প্যাকেজের ৪৫টি মালামাল চুরি করে। এ ঘটনায় ডিলার মোস্তাকিম সরকার বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে গত ৪ এপ্রিল শনিবার থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ ইসলাম (২২) কে আটক করে। ধৃত রিয়াদ ইসলাম উপজেলার ১১নং তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ ইসলামকে আটক করে। ধৃত রিয়াদ ইসলামকে ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আদালতে পেরণ করা হয়েছে। অপর আসামীকে আটকের চেষ্টা চলছে।

















