বৃহস্পতিবার দিনাজপুর শহরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এসএসসি’র ২৩তম ব্যাচের মেধাবী ৮ জন শিক্ষার্থী দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্তদের চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেধাবী শিক্ষার্থীরা হলেন, মোঃ নাসিম-রুয়েট, মোঃ রিফাত হোসেন-রুয়েট, মোঃ মহিউজ্জামান তাসিন-পিএসটিইউ, মোঃ সামিউল বাসির-এমআইএসটি, মোঃ আমিনুল ইসলাম-এইচএসটিইউ, মোঃ খাদিমুল হক-ঢাকা বিশ্ববিদ্যালয়, নাজিফাতুল সুবহা আরনি-জেইউ ও সাইয়্যেদা আক্তার সাবা-রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ, শ্রেণি শিক্ষক মোঃ আতিকুর রহমান, দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ ওবায়দুর রহমান। চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ বলেন, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হবে এবং একদিন দেশ ও জাতির কর্ণধার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবে। চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীদের মাধ্য অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ মহিউজ্জামান তাসিন, মোঃ খাদেমুল ইসলাম, মোঃ সামিউল বাসির। এসময় স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















