মাদকবিরোধী সচেতনতা বাড়াতে দিনাজপুরের বীরগঞ্জে ব্যতিক্রমধর্মী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বীরগঞ্জ স্লুইসগেট এলাকায় আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে হাজারো মানুষের ঢল নামে।
বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্ সান্স (বিওয়াইএফসি) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষদের একাধিক দল অংশ নেয়।
দুপুর গড়াতেই নদীর তীরে মানুষের ভিড় বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন আয়োজনস্থলে। শিশু-কিশোরদের উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতায় পুরুষ দলের মধ্যে কার্তিক দাস ও দীপালী রানীর দল বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নৌকা বাইচ দেখতে আসা যুবক জাহিদ বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, আমাদের জন্য বড় বার্তা। সেই সাথে মাদকের ক্ষতি সম্পর্কে আমরা সচেতন হচ্ছি। এমন উদ্যোগ নিয়মিত হলে তরুণরা আরও সচেতন হবে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাকিবুজ্জামান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল এবং ৪ নং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রমুখ।
নৌকা বাইচের পাশাপাশি সাংস্কৃতিক মেলা, গ্রামীন পিঠা পুলির স্টলসহ বিভিন্ন দোকানের পসরা বসে। যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ জোগায়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

















