পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে। জেলা শহরের নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে শনিবার সংগঠনটির কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব রবিউল ইসলাম রফিক, সদস্য এড. আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মশালা। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রমিত উচ্চারণ, শুদ্ধ বাংলা চর্চা, বর্ণের সঠিক ব্যবহার, বাক্যের স্বর, গতি ও বিরতি, স্বরের ওঠানামাসহ আবৃত্তির বিভিন্ন কৌশল হাতে কলমে শেখানো হবে।
প্রশিক্ষণ দিবেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদা খাতুন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম রফিক এবং তরুণ আবৃত্তিকার আমিনুর ইসলাম।
শিক্ষার্থীদের ভাষা ও উচ্চারণে দক্ষ করার মাধ্যমে সৃজনশীল প্রতিভা বিকশিত করাই এই কর্মশালার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।


















