মোঃ জুলফিকার আলী পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রুকনগণের প্রত্যক্ষ ভোটে ও মতামতের ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে আমীর বাবুল আহাম্মেদ ও সেক্রেটারি মাহমুদুল হাসান দুলাল নির্বাচিত হন।
এর পূর্বে বাবুল আহাম্মেদ উপজেলার ভারপ্রাপ্ত আমীর ও মাহমুদুল হাসান দুলাল ৭নং হাজীপুর ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন। নবনির্বাচিতদের শপথ পাঠ করান জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসাইন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শপথ গ্রহণ শেষে অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে রুকনদের আমানত রক্ষা করে পীরগঞ্জ উপজেলাকে একটি শক্তিশালী সাংগঠনিক মডেলে রূপান্তরিত করতে হবে। নবনির্বাচিত আমীর ও সেক্রেটারিও সংগঠনের কাজ গতিশীল করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


















