বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিজপাড়া ইউনিয়নের দামাই ক্ষেত্র( প্রামানিক পাড়া) প্রামের
নিহত আব্দুল জলিল ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
রোববার রাতে জলিল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দিনগত রাত ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিষ্কার হবে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে।
















