মধ্যরাতে ক্যাম্পাসে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনায় ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হলের ২৫ ব্যাচের এক শিক্ষার্থীর সঙ্গে নুর হোসেন (এক্সটেনশন) হলের ২৪ ব্যাচের শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে ডি-বক্সের সামনে বিরোধ মীমাংসার সময় উত্তেজনা সৃষ্টি হলে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে দুই হলের কিছু শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে উভয়পক্ষের ৮ জন শিক্ষার্থী আহত হয়। রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থামাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা করেন। শেষ পর্যন্ত রাত আনুমানিক ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। শিক্ষক ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আবার ৪ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারা সকালে ছাড়পত্র নিয়ে চলে এসেছেন। বিষয়টি প্রাথমিকভাবে সমাধান হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার জানান, ভোরে হাবিপ্রবির ৪জন ছাত্র দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছিল। সকালে তারা স্বেচ্ছায় চলে গেছেন।
নুর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

















